শুভদীপ আইচ-এর কবিতা

শুভদীপ আইচ-এর কবিতা


ঝোঁক 
 

সময়কে করেছ বিষ
                 পাত্রকে পেয়ালা
 
শিশি থেকে শিশি
ঘুমিয়ে পড়েছে সন্দেহ
 
অথচ তোমাকে বলা হল না এখনো
প্রণয়কালীন বিকেল
কুসুমের মতো ফাটে
 
" হৃদি ফাটে কিসে ? "
 
- এ উত্তাপ ছড়িয়ে পড়তে দেখছি
পাড়ায় পাড়ায়
 
লুন্যাটিক গ্রহের কাছে বিয়োগ শিখেছি
আর ধর্মাবতার উড়িয়ে নিয়ে যাচ্ছে ফানুস
হাওয়া ভরে দিলে কৃত্রিম সকাল
উন্মাদদের চিৎকারে গরম হচ্ছে বাজার
প্রভূত সম্ভাবনা নিয়ে দর কষাকষি করে গেছি
রক্তে রক্তে ছড়িয়ে এথিক্স
লবন হ্রদের থেকে ঝিমিয়ে নামছে সন্ধ্যে
 
সময়কে করেছ বিষ
                   পাত্রকে পেয়ালা
 
 
 

আলস্য ও উপাখ্যান
 

এসব চ্যাংড়ামো ভেঙে ফেলতে চাইছি
অথচ একটা খরগোশ ঘুমিয়ে পড়ছে রোজ
জঙ্গলে জঙ্গলে
পথে পথে
বাঁকে বাঁকে
উদ্বাস্তু এক ঘুম বিরক্তি ঝোলাচ্ছে ক্যালেন্ডারে
গোল দাগ বাড়িয়ে চলেছে আফসোস
এই যে জিরিয়ে নেওয়ার আখ্যান
আর মাঝে মাঝে জ্বলে ওঠা
এসব স্থানুবৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাঝে
ক্রমশঃ বিল গেটস ঢুকে পড়ছে
একটা মাসুদুর ছটফট করছে পা কাটা অবস্থায়
অথচ সুইমিং পুলের জল ইংলিশ চ্যানেলের মতো গভীর নয়
অন্তরাত্মা যেভাবে কালো
ঘিলুর চারপাশে ঠিক ততটা বদ্ধ জলাশয়
খাবি খাওয়ার ভান
আদতে একটি হাঙ্গরের পূর্বাভাস
যুদ্ধের আগের নীরবতা
আড়মোড়া ভেঙে দৌড়ে পালাচ্ছে
 
 

নিখোঁজের খোঁজে 
 
 
মাঝে মাঝে ভালোই আলো তুলি
 
অন্ধকার কুপিয়ে ঝুপ করে
আরোগ্য ফিরে আসে
 
ওষুধের শিশি থেকে
ঝুরো ঝুরো পুকুর নেমে
একলা করে শরীর
 
এদিকে তিলতিল করে চাঁদ বাড়ছে রোজ
জ্যোৎস্না লুটিয়ে ধূলার সাথে ঘর
ঘরের সাথে ঠিকানার মাখন লেপ্টে যাচ্ছে প্রচন্ড
পরিচয় হারাতে দেখি প্রাচীন ব্যাধির মতো
একটা প্রকান্ড ইদারা
 
যেখানে ঘটি ডুবে গেলে
ডাকনাম স্রেফ হারানো প্রলাপ